মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত, ২জন আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আরো দুই জন আহত হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেল ৩টায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের চিনকিরহাট বাজারেরর আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাইফুল ইসলাম শাহীন (১৭), সুমি আক্তার (২৫) ও তার ছেলে মানারুল হক (৩)। নিহতরা সবাই উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম বামনসুন্দর এলাকার ভেলু বলী বাড়ির বাসিন্দা। আহতরা হলেন জিয়া উদ্দিন বাবলু (৩০) ও তার মেয়ে তানিশা আক্তার (৭)।

প্রত্যক্ষদর্শী আবু সাঈদ খোকন বলেন, ‘চিনকিরহাট এলাকায় একটি বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে সিএনজি অটোরিক্সা এবং বালুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপটি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিয়ে সড়কে পাশে উল্টে পড়ে যায়। আহতদের উদ্ধার করে বারইয়ারহাট বিএম হাসপাতালে নিয়ে গিলে একজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। এসময় সিএনজি অটোরিক্সা চালকসহ আরো ৪ জন আহত হয়।’

নিহত সাইফুল ইসলাম শাহীনের বড় ভাই মোহাম্মদ রুবেল বলেন, ‘শনিবার দুপুরে আমার চাচাতো ভাই জিয়া উদ্দিন বাবলু তার পরিবার নিয়ে নিজে সিএনজি অটোরিক্সা ড্রাইভ করে করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকায় তার শ^শুর বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে বারইয়ারহাট- খাগড়াছড়ি সড়কের চিনকিরহাট এলাকায় ব্যাটারিচালিত অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে বাবলু তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম শাহীন মারা যায়। এছাড়াও আমার চাচাতো ভাইয়ের স্ত্রী, ছেলে ও মেয়ে আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে মারা যায়।’

বারইয়ারহাট বিএম হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ আরিফ বলেন, ‘শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে সাইফুল ইসলাম শাহীন (১৭) নামে এক কিশোর হাসপাতালে আনার আগেই মারা যায়। এছাড়া সুমি আক্তার ও মানারুল হকের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।’

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাকিন হোসেন বলেন, ‘শনিবার দুপুরে বারইয়ারহারট-খাগড়াছড়ি সড়কের চিনকিরহাট এলাকায় সিএনজি অটোরিকশা এবং বালুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে শাহীন নামে এক কিশোর ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া গুরুতর আহত দুই জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে জেনেছি।’

তিনি আরো বলেন, ‘নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পিকআপ চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি। মামলা করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এটি/আহোমি/সিটিজি সংবাদ24

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫

আরও পড়ুন