চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোহাম্মদ নুরুচ্ছাফা নুরু(৬১) নামে লোহাগাড়ার এক বৃদ্ধের। তিনি লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আলী আকবরের ছেলে।
শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই মোহাম্মদ ফারুক।
মোহাম্মদ ফারুক বলেন, বড় ভাই নুরুচ্ছাফাকে নিয়ে তার স্ত্রী চিকিৎসার জন্য কেরানীহাট আশশেফা হাসপাতালে যায়। চিকিৎসা শেষে ফেরার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হন। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, কেরানীহাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। কাভার্ডভ্যানটি উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।