দুর্ঘটনায় আহত মাহিনের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাটহাজারী-নাজিরহাট সড়কের চারিয়া বোর্ড স্কুলের সামনে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাহিনসহ চার এইচএসসি পরীক্ষার্থী আহত হন। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাচালক মো. এরশাদ (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও তিনজন আহত হন।

দুর্ঘটনার পর মাহিন গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তার মৃত্যু হয়।

মাহিন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা।

স্থানীয়রা জানান, তরুণ এই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

উল্লেখ্য, ওই দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের মধ্যে তৌসিফ আহমেদ রাফি ও এরফানুল আনোয়ার ফাহিমের পরিচয় পাওয়া গিয়েছিল। গুরুতর আহত কয়েকজন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাটহাজারী থানা পুলিশ।

আরও পড়ুন