রাঙ্গুনিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাকালি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রাসেল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মোহাম্মদ রাসেল রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাসেল চট্টগ্রাম শহরে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে দশটার দিকে ঢাকাগামী যাত্রীবাহী ‘লাল সবুজ পরিবহন’-এর একটি বাসের (ঢাকা মেট্রো-ব ১৪-৬১৮৪) সাথে বিপরীত দিক থেকে আসা এক দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। রাসেলের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ছিল চট্টমেট্রো-ল ১৩-১৯৭২।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে বাসের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যে নিয়োজিত চিকিৎসক মোটরসাইকেল চালককে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল দুটি জব্দ করেছে। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন