ডেঙ্গুমুক্ত চন্দনাইশ গড়ার লক্ষ্যে উপজেলার সকল মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

“পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ব্যাপক পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের সকল মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

​শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী চন্দনাইশ উপজেলার সর্বস্তরে এ অভিযান শুরু হয়।

​উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অভিযানে সরাসরি নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আবদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, থানা অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাহবুব আলম শাওন ভুঞা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

​শনিবার সকাল থেকেই চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা সহ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। অভিযানে শুধু মসজিদ প্রাঙ্গণই নয়, আশপাশের ঝোপঝাড়, নর্দমা ও জমানো পানি পরিষ্কার করে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। একই সঙ্গে উপস্থিত সবার মাঝে ডেঙ্গুবিষয়ক সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে আগামী তিন মাস ধরে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

​কর্মসূচি চলাকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, “ডেঙ্গুর প্রকোপ কমাতে কেবল সরকারি উদ্যোগ বা পরিচ্ছন্নতা অভিযানই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতা ও ব্যক্তিগত উদ্যোগ সবচেয়ে বেশি জরুরি। প্রত্যেকে নিজ নিজ ঘরবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সচেতন থাকতে হবে।”

​ইউএনও আরও বলেন, “নিজের আঙিনা নিজেই পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধে সবাই মিলে ভূমিকা রাখি- এই মূলমন্ত্রকে সামনে রেখে চন্দনাইশকে সম্পূর্ণ পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

আরও পড়ুন