চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ফতেয়াবাদ এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে। তাদের দাবি, মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জুমার নামাজের পর একদল যুবক মহাসড়কে মিছিল বের করেন। মিছিলটি ফতেয়াবাদ এলাকা থেকে হাটহাজারী হয়ে চট্টগ্রাম শহরের দিকে এগিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর অংশগ্রহণকারীরা দ্রুত সড়ক ছেড়ে চলে যান।
মিছিলে ব্যবহৃত ব্যানারে জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছবিও দেখা গেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, মিছিলটির নেতৃত্বে ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের নেতা সজিব উদ্দীন। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই।