হাটহাজারীতে মাদক বিরোধী র‌্যালী

মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারীর চারিয়া মুরাদপুরে মাদকবিরোধী মানববন্ধন, প্রচারণা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদে জোহর চারিয়া মুরাদপুর এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর ২টায় চারিয়া দক্ষিণ মুরাদপুর বেগমার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মাদকবিরোধী র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারিয়া দিশারী সংঘ ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে জনসচেতনতা বাড়ানো এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদারের আহ্বান জানান তারা।

কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক যুবসমাজ ও সামাজিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউপি সদস্য মো. মুছা বিএসসির সভাপতিত্বে কর্মসূচিতে সদস্য সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, নাজিরহাট বড় মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা হাবিবুল্লাহ নদভী, সাবেক ইউপি সদস্য মো. আবু তালেব, সাবেক ইউপি সদস্য জালাল আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মো. ওসমান গনি, জাগৃতি ক্লাবের সহসভাপতি বখতিয়ার উদ্দিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচির মধ্য দিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুন