চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে জরাজীর্ণ পাঠানিপুল-জামিজুরী-দোহাজারী সড়কটি পরিদর্শন করেছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজীব হোসেন।
বুধবার (১৬ জুলাই) বিকাল তিনটায় সরেজমিন পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সাথে তিনি আলাপ-আলোচনা করেন এবং সড়কের ক্ষতবিক্ষত স্থান গুলো দেখেন।
জানা যায়, জরাজীর্ণ এই সড়কটি দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাঠানিপুল এলাকা থেকে জামিজুরী হয়ে দোহাজারী পৌরসভা সদরের সাথে সংযুক্ত হয়েছে। সাড়ে তিন কিলোমিটার লম্বা সড়কটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে পানি জমে আছে। কোন কোন স্থানে কর্দমাক্ত অবস্থায় পড়ে আছে। এতে সড়কটি দিয়ে প্রতিদিন চলাচলরত মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কটি ব্যবহার করে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট, জামিজুরী সুন্নিয়া ফাযিল মাদ্রাসা, জামালুর রহমান খান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজ, জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়, জামিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ এলাকার সহস্রাধিক পরিবার। সড়কের এমন অবস্থায় কোনো গাড়ি দোহাজারী সদর থেকে যাত্রী বা মালামাল নিয়ে জামিজুরীতে আসতে অনীহা প্রকাশ করে। বলা যায় সড়কটি পর্যায়ক্রমে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়ছে। সড়কটি সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চন্দনাইশ উপজেলা প্রকৌশলী ও চট্টগ্রাম জেলা কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী বরাবরে আবেদন করেছেন বলে উল্লেখ করেন ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মো. নাসির উদ্দীন। বুধবার বিকালে সড়কটি পরিদর্শনকালে স্থানীয়রা ইউএনওকে দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কার করার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মো. নাসির উদ্দীন, সমাজ সেবক জয়নাল আবেদীন পিন্টু, মীর কাশেম, সোহেল, মফিজ সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে ইউএনও রাজিব হোসেন বলেন, “এই রাস্তাটার আসলেই বেহালদশা। বৃষ্টি হলেই পানি জমে যায়, কর্দমাক্ত অবস্থায় থাকে। সাড়ে তিন কিলোমিটার লম্বা রাস্তাটি দিয়ে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ এই এলাকার শত শত মানুষ নিয়মিত যাতায়াত করে। রাস্তাটি চলাচল অনুপযোগী হয়ে পড়ায় পূর্বে একবার সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। এটি আবার রিভাইস করে নতুন প্রস্তাব পাঠানোর কার্যক্রম নেওয়া হবে। রাস্তাটি যাতে দ্রুততম সময়ে সংস্কার হয় সে বিষয়ে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”