চট্টগ্রামের চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরী এবং উৎপাদন ও মেয়াদ এর তারিখ ব্যতীত পণ্য বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অনিক ফুড বেকারিকে ১৫ হাজার টাকা ও A1 ফুড কনফেকশনারি আ্যন্ড সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ জুন) সন্ধ্যায় উপজেলার বৈলতলী ও বাগিচাহাট এলাকায় চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মাজেদা বেগম, উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, এএসআই জাহের সহ চন্দনাইশ থানা পুলিশের একটি টিম এবং ভূমি অফিসের কর্মচারীগণ সহায়তা করেন।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, “প্রতিষ্ঠানটি নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরী এবং উৎপাদন ও মেয়াদ এর তারিখ ব্যতীত বেকারী পণ্য বিক্রি করে আসছিলেন, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এধরনের অভিযান অব্যাহত থাকবে।”