ফটিকছড়িতে ৪ ফার্মেসিকে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ফার্মেসিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার বিবিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করা, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং অননুমোদিত ভারতীয় ওষুধ মজুত ও বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এ সময় রাকিব ফার্মেসিকে ১০ হাজার, করিম ক্লিনিক ফার্মেসিকে ২০ হাজার, করিম ড্রাগ হাউজকে ৫০ হাজার এবং জনসেবা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে জব্দ করা অবৈধ, অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ বলেন, ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং বাজারে সুশাসন নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন