চট্টগ্রামে লিও লায়ন্সের দৃষ্টিনন্দন ম্যারাথন অনুষ্ঠিত

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য লিও লায়ন ম্যারাথন নজর কেড়েছে চট্টগ্রাম নগরবাসীর। বর্ণিল সাজে সজ্জিত চট্টগ্রাম নগরীর ফুসফুসখ্যাত সিআরবি শিরিষতলা থেকে শুরু হয়ে টাইগারসপাস, লালখানবাজার, রেডিসনব্লু হয়ে আবারও সিআরবিতে গিয়ে ম্যারাথনের সমাপ্তি হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টায় ম্যারাথন শূরুর পূর্বে উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন নুর মোহাম্মদ বাবুর সভাপতিত্বে ও উদযাপন কমিটির সেক্রেটারী লায়ন সাইফুল আলম পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্ণর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, সম্মানিত অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্ণর লায়ন সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ।

ম্যারাথন উদ্বোধকালে লায়ন্স জেলা গভর্ণর বলেন, শরীর সুস্থ স্বাভাবিক রাখতে ব্যায়াম, দৌড়ানো এবং হাটাচলা অতীব জরুরী। মানুষকে শরীর চর্চায় উদ্ধুদ্ধ করার লক্ষ্যেই মূলত এই আয়োজন হলে এতে লায়নিজমেরও ব্রান্ডিং হচ্ছে। দূর্যোগ দূর্বিপাকে নানা সেবা কর্মকান্ডের পাশাপাশি লায়ন্সরা সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও নানা কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আয়োজিত লিও লায়ন্স ম্যারাথন মানুষের মধ্যে শরীর চর্চায় আগ্রহ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ম্যারাথনে লিও লায়ন্স মিলে ৮ শতাধিক অংশগ্রহণকারী অংশ নিয়েছেন। এসময় ম্যারাথনের পথে দুইটা স্পটে হাইড্রেশনব্রেকে অংশগ্রহণকারীরা নিজেদেরকে সতেজ করার সুযোগ পেয়েছে। প্রত্যেক অংশগ্রহণকারীর নাম ও আইডি নম্বরের মাধ্যমে কোন অংশগ্রহণকারী কতবেগে, কতসময়ে ফিনিশিং লাইন স্পর্শ করেছে সেটার ডিজিটাল কাউন্টডাউন ছিলো অত্যন্ত আকর্ষনীয়। এছাড়া মেডিকেল টিম, জরুরী ওষুধ, অ্যাম্বুলেন্স পর্যাপ্ত পানীয় থাকায় আয়োজনকে খুব সুষ্ঠু ও উপভোগ্য ছিলো। অংশগ্রহণকারীদের সবার পরনে একই রংয়ের টি শার্ট ম্যারাথন পথে দৃষ্টিনন্দন আবহ তৈরী করেছে।

শেষে সিআরবি শিরিষতলায় এক সংক্ষিপ্ত সমাপনী আয়োজনের মধ্য দিয়ে ম্যারাথনের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন