রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার (ফিজিওথেরাপি) পেশাজীবীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)-এর কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এ স্বাস্থ্যমন্ত্রী সরকার সাখাওয়াত হোসেন বকুল-এর সঙ্গে ফিজিওথেরাপি পেশাজীবীদের উন্নয়ন ও জনস্বাস্থ্যসেবায় ফিজিওথেরাপির ভূমিকা বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করেন।
বুধবার (১০ জুন) সকালে অনুষ্ঠিত উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিপিএ-এর কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বিপিএ চট্টগ্রাম বিভাগের সভাপতি ডা. মোহাম্মদ কামরুজ্জামান, গণস্বাস্থ্য ফিজিওথেরাপি কলেজ অব হেলথ সায়েন্স-এর অধ্যক্ষ ডা. মহিউদ্দিন মামুন, বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ মিজানুর রহমান এবং ফিজিওথেরাপি পেশার কিংবদন্তি ব্যক্তিত্ব প্রফেসর ড. আলতাফ হোসেন সরকার।
সভায় নেতৃবৃন্দ দেশের তৃণমূল জনগণের বাতব্যথা, পক্ষাঘাত (প্যারালাইসিস), স্ট্রোক-পরবর্তী জটিলতা এবং অন্যান্য শারীরিক অক্ষমতা মোকাবিলায় ফিজিওথেরাপি চিকিৎসা ও পুনর্বাসন সেবার গুরুত্ব তুলে ধরেন। তারা উপজেলা পর্যায় পর্যন্ত ফিজিওথেরাপি সেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জানান যে, দেশের জনগণের পুনর্বাসন সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন পুরুষ ও একজন মহিলা ফিজিওথেরাপিস্ট নিয়োগের বিষয়টি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।
সভা শেষে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)-এর পক্ষ থেকে মাননীয় স্বাস্থ্য মন্ত্রীকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
আরও পড়ুন