চট্টগ্রাম জেলার নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন। এ সময় তিনি বহির্বিভাগ, অন্তর্বিভাগ, ইপিআই, জেনারেল স্টোর, এনসিডি কর্নার, ট্রমা সেন্টার, জরুরি বিভাগসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কর্মকর্তা-কর্মচারীদের বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থাও পর্যবেক্ষণ করেন। তিনি হাসপাতালে ভর্তি রোগী এবং বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন।
রোগীরা যাতে যথাযথ ও মানসম্মত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেন সিভিল সার্জন।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়াসহ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান, এমওডিসি ডা. আবদুল্লাহ আল ফাহিম, ডা. এজাজুল ইসলাম শিহাব, আবাসিক মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান, লোহাগাড়াসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ ও অফিস স্টাফবৃন্দ।
পরিদর্শনকালে সাতকানিয়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।