বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বোয়ালখালী পৌর সভার পূর্ব কালুরঘাটের ১৩ নম্বর পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় নিশ্চিত করতে তার সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের একটি ছাড়পত্র পাওয়া যায়। ওই ছাড়পত্রে তার নাম পম্পী বড়ুয়া, বয়স ২৪ বছর এবং পিতা/স্বামীর নাম জুয়েল বড়ুয়া উল্লেখ রয়েছে। ঠিকানা হিসেবে রাউজান লেখা রয়েছে। ছাড়পত্র অনুযায়ী, তিনি গত ৮ জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং ২০ জানুয়ারি তাকে ছাড়পত্র দেওয়া হয়।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি দুপুর আড়াইটার দিকে গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে। এ সময় এক নারী ট্রেনে কাটা পড়েছেন বলে তিনি জানতে পারেন। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন,দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ এবং আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে।নিহত পম্পী বড়ুয়া কীভাবে রেললাইনে এসেছিলেন এবং এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় তিনি।

আরও পড়ুন