রাঙ্গুনিয়ার উত্তর পোমরা হিলাগাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ক্বিরাত ও না’তে মোস্তফা (সা.) প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল ৩০ আগস্ট সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মুনিরুজ্জামান চৌধুরীর সঞ্চালনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রাঙ্গুনিয়া উপজেলার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া মেম্বার, প্রধান বক্তা ছিলেন পোমরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুস সবুর মেম্বার। উদ্বোধক ছিলেন পোমরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবুল আলম, পোমরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান বাদশা, সমাজকর্মী জসিম উদ্দিন, অভিভাবক সদস্য ইয়াসমিন আক্তার, সহকারী শিক্ষক এস এম শুকুর আলী।
সকাল ১০টা থেকে ক গ্রুপ (১ম ও ২য় শ্রেণি) ও খ গ্রুপ (৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি) এর শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বিরাত ও না’তে মোস্তফা (সা.) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক গ্রুপে বিচারকের দায়িত্ব পালন করেন সহকারি শিক্ষক শাহানারা বেগম ও রেখা সুলতানা এবং খ গ্রুপে বিচারকের দায়িত্ব পালন করেন সহকারি শিক্ষক লাকি আক্তার ও নাসরিন আকতার।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ বলেন, রাসুলে আকরাম প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শই হচ্ছে সৃষ্টিকুলের সর্বোত্তম আদর্শ। এ আদর্শে কোমলমতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে তাদের জীবন চরিত রচনা করা সম্ভব হলে সমাজ মাদক ও সন্ত্রাসমুক্ত করা সম্ভব হবে। তাই শিক্ষকদের সিলেবাসভুক্ত পড়ালেখার পাশাপাশি নীতিনৈতিকতার ওপর পাঠদানেরও আহবান জানান।
পরে ক্বিরাত ও না’ত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মিলাদ ক্বিয়াম শেষে শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মুনাজাত করা হয়।