বড় ভাইয়েরা কক্সবাজারে ভ্রমণে নিয়ে যাওয়ার কথা বলে ২টি মাইক্রোবাসে উঠিয়ে বিভিন্ন বয়সের ২৩ শিশু-কিশোরকে নিয়ে আসে চট্টগ্রামের আনোয়ারায়। এসময় মিছিলের প্রস্তুতির গোপন সংবাদে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।
রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় উপজেলার পিএবি সড়কের বারখাইন শোলকাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জন শিশু রয়েছে। যাদের বয়স ১৫ বছর।
থানা পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতসহ ৫৪ জনের নাম উল্লেখ করে আরো ১৫ থেকে ১৬ জনকে অজ্ঞাত আসামী করে সন্ত্রাস দমন আইনে মামলা করে তাদেরকে রবিবার বিকালে আদালতে প্রেরণ করা হয়।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ জেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম ছাত্রলীগ নেতা সাজ্জাদ ও কে এম পারভেজ উদ্দিনের নেতৃত্বে বাঁশখালী থেকে ২টি মাইক্রোবাসে করে কক্সবাজারে ভ্রমণের কথা বলে তাদেরকে আনোয়ারায় নিয়ে আসে। এসময় মিছিলের প্রস্ততিকালে পুলিশ ২৩ জনকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পলাতক আসামীদের মদদ, অর্থায়ন ও নির্দেশনায় কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, রড ও ইটের টুকরা নিয়ে ঘটনাস্থলে সমবেত হয়ে সংঘাতময় ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, জনমনে আতঙ্ক এবং নাশকতার উদ্দেশ্যে রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান প্রদানের কথা স্বীকার করেন।
আনোয়ারা থানার ওসি জুনাইত চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে মিছিল করে জণমনে আতঙ্ক সৃষ্টি করতে চেয়ে ছিল। তাদের মধ্যে অধিকাংশ শিশু-কিশোর। গ্রেপ্তারকৃতদের যাচাই-বাচাই করে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।