স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল, রং ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরির দায়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় আইসক্রিম প্রস্তুতকারী এক প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ জুলাই) দুপুরে দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ হাজারী পুকুরপাড় এলাকায় নিউ আনারকলি আইসক্রিম কারখানায় চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে বিষাক্ত কেমিক্যাল, রং ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শিবু দাশকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং প্রায় দুই লাখ টাকার মালামাল জব্দ করা হয়।
এ বিষয়ে ইউএনও মো. আবদুর রহমান বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজন্মকে তিলে তিলে ধ্বংস করার জন্য রংমিশ্রিত ও বিষাক্ত কেমিক্যাল যুক্ত এই আইসক্রিমই যথেষ্ট। জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।”
দোহাজারী পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. নাঈম উদ্দিন, লাইসেন্স পরিদর্শক মনিরুজ্জামান ও চন্দনাইশ থানার একদল পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।