চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ইউপি সদস্যসহ দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কলাউজান ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোহাম্মদ আবদু ছফুর(৪৩)। তিনি খালাসী পাড়ার মনু মিয়ার ছেলে ও একই ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি। অন্যজন হলেন একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফরমান উল্লাহ(৩৯)। তিনি একই ইউনিয়নের বলিপাড়ার মৃত কবির আহমদের ছেলে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলায় তারা এজাহারভুক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।