কর্ণফুলীতে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত একাধিক; চালক আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিলে বাসের ধাক্কায় একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ করে চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিল চলাকালে একটি বাস সজোরে ধাক্কা দিলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

দুর্ঘটনায় জড়িত বাসটির নম্বর চট্টমেট্রো-ছ ১১-২১৪৮। ঘটনার পরপরই পুলিশ বাসটি জব্দ করে এবং এর চালককে আটক করে।

কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া বলেন, দলীয় প্রতিবাদ মিছিল চলাকালে একটি বাস সজোরে নেতাকর্মীদের ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আহত নেতাকর্মীদের নাম-পরিচয় জানা যায়নি।