চট্টগ্রামের মিরসরাইয়ে ৬দিনব্যাপী ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা অনুষ্ঠানের ফাইনাল খেলায় আরিয়ান ট্রেডার্স ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার (২৬ মে) বিকেলে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর ট্রাইবেকারে ৪-৩ গোলের ব্যবধানে আরিয়ান ট্রেডার্স মিরসরাই যুব স্পোর্টস একাডেমী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বিজয়ীদলের মেহেদী হাসান টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফ উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুর রহমান সাইফুল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, সাবেক ছাত্র নেতা শোয়েব হাসান, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, মিরসরাই থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জাফর উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রিপন, যুবদল নেতা নিজাম উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলাম, মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ফুটবল উৎসবের আয়োজক কমিটির অন্যতম সদস্য আবু নছর প্রমুখ।
ফুটবল উৎসব আয়োজক কমিটির সদস্য আবু নছর জানান, মিরসরাই উপজেলা খেলোয়াড়বৃন্দের উদ্যোগে ৬ দিনব্যাপী ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা অত্যন্ত সুন্দরভাবে শেষ হয়েছে। উৎসবে উপজেলার ৯৬ জন ফুটবলার লটারীর মাধ্যমে ৬টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। গত ২০ মে থেকে খেলা শুরু হয়ে আজ ২৫ মে ফাইনাল খেলার মাধ্যমে উৎসবের শেষ হয়। যারা সফলভাবে এই ফুটবল উৎসব সফল করতে সহযোগিতা করেছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।