বাংলাদেশে চাহিদাভিত্তিক শিক্ষা: সমস্যা ও সম্ভাবনা বিষয়ক সেমিনার আজ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড এসএমএএ ফায়েজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ রেজাউল করিম, পিএইচডি, জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. এএসএম আমানুল্লাহ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড সাঈদ ফেরদৌস, বারডেম হাসপাতালের প্রফেসর ও ডায়াবেটিক সোসাইটির সভাপতি ড একে আজাদ খান।
সেমিনারে ‘ট্যালেন্ট হান্ট পুল’ গঠন করে দেশের মেধাবী শিক্ষার্থীদের দেশবিদেশে উন্নত শিক্ষা প্রদান করে পুনরায় নিজ দেশে ফিরিয়ে এনে কাজে লাগাবার পরামর্শ দেন বক্তারা। তারা বলেন, সময়ের চাহিদা মেটাতে চাহিদাভিত্তিক শিক্ষা কারিকুলাম সকল স্তরে চালু করতে হবে। তাহলেই জনসংখ্যাধিক্যের সুফল পেতে পারে বাংলাদেশ।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড এসএমএ ফায়েজ বলেন, চাহিদা ভিত্তিক শিক্ষা প্রকৃতই বর্তমান সময়ের চাহিদা। কর্মমুখী বিশেষায়িত শিক্ষাই দেশের বিপুল তরুণ প্রজন্মকে জনসম্পদে রুপান্তর করতে পারে। তিনি বলেন, কর্মমুখী কারিগরি শিক্ষার প্রতি সমাজের কোনো প্রকার অবজ্ঞা সমীচীন নয়। চাকরি, গবেষণা, প্রকৌশল, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি সকল বিষয়েই বৈশ্বিক প্রতিযোগিতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযুক্ত করে গড়ে তুলতে হবে। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যকার দূরত্ব ঘুছানোর উপর গুরুত্বারোপ করেন প্রফেসর ফায়েজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই) এর সদস্য সচিব সৈয়দ রেজাউনুল কবির। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান।