রাজনীতি-প্রতিক্রিয়া-সহনশীলতার পরীক্ষায় আমরা কোথায় দাঁড়িয়ে

নাজমুল হুদা সাকিব:: শাহবাগ আন্দোলন অনেকের চোখে একটি বড় রাজনৈতিক মোড় ছিল, কিন্তু এটাও সত্য যে শাহবাগ মানেই বাম নয়, আর সব বামও শাহবাগের অংশ ছিল না। দেশের বামপন্থী রাজনৈতিক দলগুলোর অবস্থা এমন যে, তাদের কর্মসূচিতে উপস্থিতি ১০ জন ছাড়ালেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষ এনে সংখ্যা পূরণ করতে হয়। তার ওপর, বামদের সবাই সিপিবির ছাতার নিচে আসে না-এখানে বিভক্তি যেমন আছে, তেমনি আছে নীতিগত অসঙ্গতিও।

শাহবাগীরা একসময় দেশের বিচারব্যবস্থাকে কার্যত জিম্মি করে যেভাবে রায় আদায় করেছিল, তা বিচার বিভাগের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছিল। সেই অন্যায়ের বিচার হওয়া উচিত-কিন্তু সেটা যেন শাহবাগী পদ্ধতিতে না হয়। প্রতিশোধ নয়, সাংস্কৃতিক ও নৈতিকভাবে তাদের অবস্থান দুর্বল করে ফেলা জরুরি। তাদের অস্ত্র দিয়েই যদি তাদের বিরুদ্ধে লড়াই করা হয়, তাহলে তার ফলাফল শূন্য-যেমনটা আমরা জুলাইয়ের পর দেখতে পেয়েছি, কোনো বাস্তব পরিবর্তন আসেনি।

এই বাস্তবতা মাথায় রেখেই চট্টগ্রামের জামালখানে গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নের ওপর হামলা, লাথি-ঘুষি- এসব অগ্রহণযোগ্য। বিশেষ করে সেখানে উপস্থিত ছিলেন রিপা নামের একজন নারী,যাকে লাথি মারা হয়েছিলো, তিনি শেখ হাসিনার শাসনামলে মোদিবিরোধী অবস্থানের জন্য নির্যাতনের শিকার হয়েছিলেন। তার মতো একজনকে প্রকাশ্যে রাজনৈতিক সভায় লাঞ্ছিত করা গণতন্ত্রের চরম পরিহাস।

তাদের ওপর এমন আচরণ করে বরং তাদের রাজনীতিটাতে জিইয়ে রাখার পথ খুলে দিলেন, এ্যাকটিভ করে দিলেন।

রাষ্ট্রে রাজনৈতিক মতপ্রকাশের, সভা-সমাবেশের অধিকার সকলেরই আছে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রশাসনকে জানাতে হবে—নিজ হাতে আইন তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হোক সে ছাত্রশিবির, ছাত্রলীগ, ছাত্রদল কিংবা ছাত্র ইউনিয়ন। গায়ের জোরে মতভিন্নতা দমন গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করে, রাষ্ট্র নয়।

আমাদের লড়াই রাজনৈতিক হোক, বুদ্ধিবৃত্তিক হোক, সাংস্কৃতিক হোক—কিন্তু তা যেন কখনোই অসহিষ্ণুতার পথ না নেয়। কারণ যে ন্যায়ের দাবিতে আমরা দাঁড়াই, সেই ন্যায়ের পথেই আমাদের হাঁটতে হবে।

লেখক : নাজমুল হুদা সাকিব,সমাজকর্মী।

আরও পড়ুন:
সংগ্রাম ভালবাসা মানবিকতার মিশেলে অনন্য জনপদ “কুতুবদিয়া“

ভয়াবহ ২৯শে এপ্রিল দ্বীপের কান্না

মিডিয়া সন্ত্রাস ও প্রোপাগান্ডা: বিএনপির করণীয়

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু : প্রয়োজন সতর্কতা ও সচেতনতা

আরও পড়ুন