চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা দুপুর ১২টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলা বিষয়ের প্রভাষক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ কামরুন নাহার বেগম।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক মুহাম্মদ নুরুল আলম আযাদ এবং মুখ্য আলোচক হিসেবে ইউনেস্কু ঘোষিত প্রতিপাদ্য “শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন হিসাববিজ্ঞান বিষয়ের শিক্ষক মো: আবুল খায়ের। মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক সৈয়দ মোহাম্মদ আবুল কালাম, ইংরেজি প্রভাষক মো: আনোয়ার হোসেন, দর্শন বিভাগের প্রভাষক মো: আজাদ হোসেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের ছাত্র আরাফাত হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকতা একটি মহান পেশা, শিক্ষকগণ জাতির আলোর দিশারী এবং নৈতিকতার মডেল। বিশ্ববিখ্যাত মহামানব হযরত মুহাম্মদ (সা:)ও নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হওয়া উচিত ভালোবাসা ও মর্যাদাপূর্ণ। শিক্ষকদের অধিকার, মর্যাদা এবং কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে তাঁদের পাশে দাঁড়ালে তাঁরা একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন।