পরাজিত শক্তির বেআইনি সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে হবে: শামীম

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, পরাজিত শক্তি বেআইনি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বাসে আগুন দেওয়া, বিস্ফোরণ ঘটানো ও বোমা হামলার পরিকল্পনার মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে বিনষ্ট করার অপচেষ্টা চলছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর ট্রাঙ্ক রোডে ফেনী সদর উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করা হয়। পরে ট্রাঙ্ক রোড থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মাহাবুবের রহমান শামীম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে নিষিদ্ধ আওয়ামী লীগের পতন হয়েছে। এখন হারানো ক্ষমতা ও রাজত্ব ফিরে পাওয়ার জন্য তারা বেআইনি ও সন্ত্রাসী পন্থা অবলম্বন করতে চাইছে। দেশের ভেতরে ও বাইরে থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হবে এবং আদালতের দেওয়া রায় অনুযায়ী তাঁকে সাজা ভোগ করতে হবে। বাংলাদেশে সন্ত্রাস সৃষ্টি করে কোনো লাভ হবে না। এটি কোনো ফ্যাসিবাদী সরকার নয়, এটি নির্বাচিত সরকার। জনগণের আস্থা ও গণঅভ্যুত্থানের মাধ্যমে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, তা রক্ষা করতে হবে।

বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শামীম বলেন, বিএনপির পরিবার সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ আছে। জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে। কোনোভাবেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। বিভ্রান্তিকর কথায় কান না দিয়ে পরাজিত শক্তিকে আশকারা না দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাই।

শামীম বলেন, সরকার যখন বিধ্বস্ত অর্থনীতি সচল করে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছে, তখন একটি মহল ও দেশের ভেতরে থাকা একটি চক্র উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ভয়ভীতি সৃষ্টি করে উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করেছে।

বজলুর রহমান বকুলের সভাপতিত্বে আমান উদ্দিন কায়সার সাব্বির ও পৌরসভার বিএনপি’র সদস্য সচিব মেজবাহ উদ্দীন ভূঁইয়া সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, গাজী হাবিবুল্লাহ মানিক,পৌরসভা বিএনপির আহ্বায়ক বাবুল ও জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন সহ বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

আরও পড়ুন