নবীনরাই একদিন খ্যাতিমান আইনজীবীতে পরিণত হয় : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, আইন পেশায় সফল হতে হলে নবীন আইনজীবীদের নিয়মিত আদালতে উপস্থিত থেকে সিনিয়র আইনজীবীদের কাজ অনুসরণ ও তাঁদের কাছ থেকে হাতে কলমে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। এই পেশায় শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই।

শনিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে নবীন আইনজীবীদের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আইন পেশায় প্রতিষ্ঠিত হতে হলে নিয়মিত আদালতে আসতে হবে। কোনো মামলার কাজ না থাকলেও আদালতের কার্যক্রম, সিনিয়রদের যুক্তি ও মামলার শুনানি পর্যবেক্ষণ করতে হবে। সিনিয়রদের পুরোনো ও নিষ্পত্তি হওয়া মামলার নথি ও রায় পড়ার মাধ্যমে কোন মামলায় কীভাবে যুক্তি উপস্থাপন করা হয়েছে এবং আদালত কোন বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত দিয়েছেন, তা বোঝার চেষ্টা করতে হবে।

তিনি আরো বলেন, এই পেশায় ডিসিপ্লিনের কোনো বিকল্প নেই। সততা ও নিয়ম-শৃঙ্খলা ছাড়া আইনজীবী হিসেবে দীর্ঘমেয়াদে সফল হওয়া কঠিন।তাই অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে বলেন, একজন আইনজীবী যখন নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখন সাফল্য ও সম্মান তার কাছে আসবে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন,আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের জন্য সম্মানজনক ও পর্যাপ্ত কর্মপরিবেশ প্রয়োজন। আইনজীবীদের চেম্বার ও কাজের জায়গার সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে ও সমিতির পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য ও সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন।

আরও পড়ুন