প্রান্তিক জনগোষ্ঠীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চন্দনাইশ উপজেলার দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে হঠাৎ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার নবযোগদানকৃত সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।
সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে তিনি হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাদের চিকিৎসাসেবার মান, ওষুধের পর্যাপ্ততা ও সার্বিক সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
হাসপাতালের সেবা কার্যক্রমকে আরও দ্রুতমুখী, গতিশীল ও জনবান্ধব করার জন্য তিনি চিকিৎসকদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন। উপস্থিত কর্মকর্তা ও চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সাধারণ ও প্রান্তিক মানুষ যেন হাসপাতালে এসে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সেদিকে কড়া নজর রাখতে হবে।” স্বাস্থ্যসেবা দিতে আরও বেশি আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন- এমওসিএস ডা. ডা. শিব্বীর আহমেদ প্রিন্স, দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিবুল হাসান মারুফ, মেডিকেল অফিসার ডা. সমজোদা বেনজীর, ডা. সাহিমুল আবরার, ডা. টিপু মজুমদার, ডা. আমির খসরু হৃদয়, ডা. মোহাম্মদ ইব্রাহিম হোসেন এবং ডা. সাইদুর রহমান।
এছাড়াও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।