ফলোআপ
সিটিজি সংবাদে প্রতিবেদন প্রকাশের পর চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমানের তড়িৎ ও কার্যকর পদক্ষেপে অবশেষে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের প্রয়োজনীয় ‘এনএসওয়ান’ কিট সরবরাহ করা হয়েছে। কর্তৃপক্ষের এমন দ্রুত ও ইতিবাচক হস্তক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন চন্দনাইশ ও পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার হাজার হাজার সাধারণ মানুষ ও সেবাগ্রহীতারা।
ভৌগোলিক অবস্থানের কারণে দোহাজারী হাসপাতালটি স্থানীয় জনগণের চিকিৎসা সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা, বৈলতলী, সাতবাড়িয়া ও ধোপাছড়ির পাশাপাশি পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার খাগরিয়া, কালিয়াইশ, নলুয়া, ধর্মপুর ও পুরানগড় ইউনিয়নের লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভরসাস্থল এই হাসপাতালটি।
তবে হাসপাতালটিতে দীর্ঘ এক মাস ধরে ডেঙ্গু শনাক্তকরণের প্রাথমিক উপাদান ‘এনএসওয়ান’ কিট বা স্ট্রিপের তীব্র সংকট দেখা দিয়েছিল। ফলে চিকিৎসা নিতে আসা হাজারো রোগী ডেঙ্গু পরীক্ষার কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তির শিকার হন। সরকারি সুযোগ-সুবিধা না পেয়ে রোগীদের বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ খরচ করে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করাতে হচ্ছিল। গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার কিট না থাকায় স্থানীয় জনমনে তীব্র অসন্তোষ সৃষ্টি হয় এবং সচেতন মহল দ্রুত কিট সরবরাহের জোরালো দাবি জানান।
জনভোগান্তির চিত্র তুলে ধরে গত ১৪অক্টোবর সিটিজি সংবাদে “দোহাজারী হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট নেই: চরম ভোগান্তিতে হাজারো রোগী” শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নেন এবং দোহাজারী হাসপাতালে পর্যাপ্ত এনএসওয়ান কিট পাঠানোর নির্দেশ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
হাসপাতালে কিট পৌঁছানোর ফলে সাধারণ ও নিম্ন আয়ের রোগীরা এখন থেকে সরকারি নিয়ম অনুযায়ী সহজেই ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন। অতি দ্রুত এই সমস্যার সমাধান হওয়ায় স্থানীয় এলাকাবাসী সিভিল সার্জন এবং সিটিজি সংবাদ কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।