চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের এক বিশেষ অভিযানে অস্বাস্থ্যকর, নোংরা ও অনিবন্ধিত অবস্থায় খাদ্য উৎপাদনের দায়ে ‘শাহ জালাল বেকারী’ নামক প্রতিষ্ঠানকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে উৎপাদিত প্রায় ৩০ কেজি অস্বাস্থ্যকর খাদ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।
গত বৃহস্পতিবার উপজেলা সদর বাজারে এই অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।
অভিযানে দেখা যায়, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে আসছিল ওই বেকারী। এছাড়া প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্সও ছিল না। অপরাধের সত্যতা নিশ্চিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, একই বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার অংশ হিসেবে আরও একটি মুদি দোকানকে নিয়ম লঙ্ঘনের দায়ে ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে স্বাস্থ্যখাতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মাজেদা বেগম। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় চন্দনাইশ থানার একদল পুলিশ সদস্য এবং ভূমি অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।