ব্যবসায়ীদের ‘এআই’ সচেতনতা বাড়াতে চিটাগং চেম্বারের সেমিনার অনুষ্ঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বজুড়ে ব্যবসার প্রথাগত ধারাকে বদলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন, চিটাগং চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি লায়ন মো. আমজাদ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেমিনার হলে চিটাগাং চেম্বারের উদ্যোগে ব্যবসা ক্ষেত্রে ব্যবহারিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কীভাবে এআই টুলস ব্যবহার করে ব্যবসা বাণিজ্যের কার্যক্রমকে আরও কম সময়ে সহজ ও গতিশীল করা যায় সে সম্পর্কে “ইউর বিজনেস ইন দ্য এআই এজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের উদ্বোধন শেষে মো. আমজাদ হোসেন চৌধুরী আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোনো বিলাসিতা নয়, বরং টেকসই ব্যবসা পরিচালনা এবং বৈশ্বিক অঙ্গনে টিকে থাকার অন্যতম প্রধান পূর্বশর্ত। চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে বিগ ডেটা প্রসেসিং, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা, অটোমেশন এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বিশ্বজুড়ে ব্যবসার প্রথাগত ধারাকে
আমূল বদলে দিয়েছে।

তিনি বলেন, চিটাগাং চেম্বার ব্যবসায়ীদের বিভিন্ন নীতিগত সহায়তা প্রদানের পাশাপাশি কীভাবে প্রযুক্তিগত সহায়তা প্রদান করা যায় সেই লক্ষ্যেও কাজ করে যাচ্ছে।

সেমিনারে রিসোর্স পারসন হিসেবে ডাটাসফট নেক্সট এর সভাপতি এম মঞ্জুর মাহমুদ বলেন, বর্তমান দৈনন্দিন জীবন ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো বিকল্প নেই। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে দূরে না থেকে বরং বৈশ্বিক ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে, অর্থ ও সময় সাশ্রয় এবং ব্যবসায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনে এআই এর ব্যবহার নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

এ সময় অন্যান্যের মধ্যে চিটাগাং চেম্বার সহসভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, সরোয়ার আলম খান উপস্থিত ছিলেন। সেমিনারে চট্টগ্রামের আরএমজি, স্টিল, লজিস্টিক্স, ব্যাংক ও সাইবার সিকিউরিটি সলিউশন, শিপিং এবং ফাইন্যান্সিং কোম্পানীর প্রতিনিধিরা অংশ নেন।