বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৮ পরিবার পেল আর্থিক অনুদান 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যহাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্ত আট পরিবারকে সরকারি আর্থিক অনুদান হিসেবে ৫ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করেছে বন বিভাগ।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বাঁশখালী অফিসার্স ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকার বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারী।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাইল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সোহেল রানা, ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ হোসাইন, চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) তামজিদুর রহমান তন্ময়, জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দ্বিপান্বিতা ভট্টাচার্য এবং চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ বন কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ। এ ছাড়া বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষক ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মধ্যে সরকারি ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। আট পরিবারের মধ্যে মোট ৫ লাখ ৭০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।

বন্যহাতির আক্রমণে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের এ আর্থিক সহায়তা দেওয়া হয়।