চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

​সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

​দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরবর্তীতে অডিটোরিয়ামে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আবদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা এবং চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার।

​​উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়ার সভাপতিত্বে এবং ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভুঞা এবং উপজেলা বন কর্মকর্তা রহমত আলী প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশের পথে সবচেয়ে বড় বাধা। সচেতনতা বৃদ্ধি, প্রচলিত আইনের সঠিক প্রয়োগ এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার মাধ্যমে একটি বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

​বক্তারা আরও জোর দিয়ে বলেন, কন্যাশিশুদের কেবল রক্ষাই নয়, তাদের উপযুক্ত শিক্ষার সুযোগ নিশ্চিত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।