“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়”- এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত এতিম শিশুদের মাঝে পোশাক ও শিক্ষা উপকরণ এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে চন্দনাইশ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই বিতরণ কার্যক্রম ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ওমর ফারুক এবং সহকারী পরিচালক মোঃ ওয়াহিদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন- চন্দনাইশ উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার বন্যাদুর্গত ৪০ জন শিশুর হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় হাইজিন ও বিনোদন কিটস। পাশাপাশি বিভিন্ন এতিমখানার ৯০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে নতুন পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে চলাচলে অক্ষম ৫ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে স্বাধীনভাবে চলাচলের জন্য হুইলচেয়ার হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. শহীদুল ইসলাম বলেন, “সমাজসেবা বিভাগ অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তি ও মমতার মেলবন্ধনে একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় উক্ত আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।