চন্দনাইশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা”–এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চন্দনাইশ উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আবদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আজাদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিঠু চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইলিয়াছ, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম ছালেহ উদ্দীন, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জেছমিন আকতার।

বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সাক্ষরতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

তারা আরও বলেন, বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় প্রথাগত সাক্ষরতার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও জীবনমুখী দক্ষতা অর্জনও জরুরি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।