শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে হাটহাজারীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা। নানা সাজসজ্জা, প্রতিকৃতি, ব্যানার, ধর্মীয় সংগীত ও বাদ্যযন্ত্রে মুখর হয়ে ওঠে হাটহাজারীর প্রধান সড়ক।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে এ মহাশোভাযাত্রার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।

শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন আখ্যান ও ধর্মীয় ভাবধারা তুলে ধরে নানা সাজসজ্জা, প্রতিকৃতি ও ব্যানার প্রদর্শন করা হয়। ধর্মীয় সঙ্গীত ও স্লোগানে পুরো শোভাযাত্রাজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

এর আগে হাটহাজারী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, হাটহাজারী উপজেলা শাখার সভাপতি টিটু তালুকদার।

অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী পুন্ডরীক ধামের অধ্যক্ষ শ্রীপাদ শ্রীধর চৈতন্য দাস ব্রহ্মচারী। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি লায়ন অশোক কুমার নাথ।

এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেবনাথ, হাটহাজারী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা লিটন মহাজনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও ধর্মীয় চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপনের পাশাপাশি মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আরও পড়ুন