সাবেক গোয়েন্দা কর্মকর্তার বাড়িতে চুরি; এলাকাজুড়ে আতঙ্ক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় সাবেক এনএসআই কর্মকর্তা আলিম সামাদের বসতঘরে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টা থেকে ১১টার মধ্যে কোনো একসময় এ চুরি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড়চোপড়সহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল খোয়া গেছে।

ভুক্তভোগী আলিম সামাদ জানান, চুরি হওয়ার দিন তিনি পারিবারিক নানা সমস্যায় ব্যস্ত ছিলেন। তাঁর সহধর্মিণী অসুস্থ থাকায় সারাদিন তাঁকে নিয়ে ব্যস্ত ছিলেন। পরে সন্ধ্যার দিকে তাঁর মা হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে তাঁকে নিয়ে পার্শ্ববর্তী বড় ভাই আবু বক্করের বাসায় চলে যান। পরিবারের সদস্যরা অসুস্থ দুজনকে নিয়ে চিকিৎসক দেখানো ও অন্যান্য কাজে ব্যস্ত থাকার সুযোগে চোরের দল তাঁর বসতঘরে ঢুকে চুরি করে বলে তাঁর ধারণা।

তিনি জানান, চুরি যাওয়া নগদ টাকা তাঁর সন্তানসম্ভবা স্ত্রীর চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে ধার-কর্জ করে সংগ্রহ করে রেখেছিলেন। ওই টাকা হারিয়ে যাওয়ায় এখন স্ত্রীর চিকিৎসা চালিয়ে নেওয়া নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন।

এদিকে, লোহাগাড়া সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তালুকদার পাড়ায় প্রবাসী জসিম উদ্দীনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিনগতরাত ৩টার দিকে চোরেরা বাড়িতে প্রবেশ করে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। জসিম উদ্দীন জানান, এ ঘটনায় তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

শনিবার ভোর ৪ টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী মছদিয়া বেপারী পাড়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়েছে। অটোরিকশার মালিক মোঃ মুজিবুর রহমান ফয়েজ আহমদের ছেলে।

এ বিষয়ে লোহাগাড়া থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই সুমিত্র দাশ বলেন, চুরির বিয়ষে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রাত নামলেই যেন আতঙ্ক নেমে আসে লোহাগাড়ার প্রতিটি গ্রামে। উপজেলার এক প্রান্তে ডাকাতি, অন্য প্রান্তে চুরি—একের পর এক ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। বসতঘর, মসজিদ, ব্যবসাপ্রতিষ্ঠান—কোনোটিই যেন রেহাই পাচ্ছে না অপরাধীদের হাত থেকে। গেল দেড় মাসে একাধিক চুরি-ডাকাতির ঘটনায় মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক।