মানবিকতা স্বদেশপ্রেমে উদ্ধুদ্ধ প্রজন্মই দেশের সম্পদ। আগামীর মানবিক বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকারের যে লক্ষ্য ও উদ্দেশ্য তা বাস্তবায়নে প্রয়োজন শিক্ষার সাথে বাংলাদেশী ভাবধারা আত্মস্থ করা। বর্তমানের শিক্ষার্থীদেরকে যোগ্য, মেধাবী ও দেশের প্রতি দরদ সৃষ্টিতে শিক্ষার কোনো বিকল্প নেই বলে দাবি করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার (২৯ আগস্ট) হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলরুমে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভাল ফলাফল কেবল একটি সনদ নয়, এটি দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিজের কাঁধে নেয়ার সোপান। মেধাবী প্রজন্মই পারে একটি দেশের উন্নতি সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করতে। তাই এখন থেকেই শিক্ষার্থীদের মধ্যে সুস্থতার বীজ বপন করে দিতে হবে।
তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। উচ্চশিক্ষায় মনোযোগী হয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তাকিবুল হাসান চৌধুরী তাকির সার্বিক ব্যবস্থাপনায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হাটহাজারী উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।