লোহাগাড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩ বসতঘর। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কলাউজান রসুলাবাদ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলো একই এলাকার মৃত আবদুস সবুরের ছেলে মোজাফ্ফর আহমদ, আনোয়ার ও দেলোয়ার।
আগুনে তাদের বসতঘরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড়সহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আনোয়ার, দেলোয়ার ও হাবিব নামে তিন ব্যক্তি আহত হয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে তিন পরিবারের বসতঘর ও প্রয়োজনীয় মালামাল পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে অসহায় অবস্থায় রয়েছে।