হালদা রক্ষায় সময়োপযোগী পদক্ষেপ নেয়া হবে : সরোয়ার আলমগীর এমপি

হালদা নদী ও এর পরিবেশ রক্ষায় আইনের কঠোর প্রয়োগ এবং জনসচেতনতা দুটোই জরুরী। হালদা দখল ও দূষণরোধে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা। আগামীতে হালদা এবং তার জীব বৈচিত্র রক্ষায় দোষীদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

রোববার (১৬ আগস্ট) ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম।

সরোয়ার আলমগীর বলেন, নির্বাচনের পর থেকেই বলে আসছি হালদা নদী আমাদের হেরিটেজ, আমাদের ঐতিহ্য। এটিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। হালদা নদী ও এর পরিবেশ রক্ষার প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস করা যাবে না। বালি-মাটি উত্তোলন তো প্রশ্নই আসে না। হালদা নদী দেশের ঐতিহ্য ও জাতীয় সম্পদ। এ নদী রক্ষায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে হালদা নদীকে ঘিরে স্থানীয় তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন সংসদ সদস্য। এ লক্ষ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাকে নিয়ে একটি সমন্বিত টিম গঠনের নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন