চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুববিভাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়ে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে চাম্বল বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চাম্বল বাজারের উত্তর ও দক্ষিণ অংশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মন্নান কনভেনশন সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
চাম্বল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি কফিল উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাস্টার এহসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাম্বল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আব্দুল জলিল মানিক। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ও পুইছড়ী ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ জসিম উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাম্বল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা হোছাইন হেলাল। এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক দেলাওয়ার হোছাইন সাঈদী ও ইমরানুল কাদের জিসান, সমাজসেবক শাহাদাত হোছাইন, মহানগর যুব নেতা রিয়াজ উদ্দিন, চাম্বল ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক হুমায়ুন মোরশেদ, ইউনিয়ন যুব নেতা এনামুল হক, মাওলানা ক্বারী জহিরুল ইসলাম হেলালী, গন্ডামারা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সায়েম ইসলাম, শীলকূপ ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আবু হানিফ, চাম্বল ইউনিয়ন যুব নেতা মো. ইমরানসহ স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো অপতৎপরতা ও নৈরাজ্য প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা পালন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
আয়োজকদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে পলাতক চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরী আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি, জামায়াত, এনসিপি ও জুলাই আন্দোলন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এর প্রতিবাদে চাম্বল ইউনিয়ন যুব বিভাগ এবং স্থানীয় বিক্ষুব্ধ জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।