চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানার বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) রাতে রাঙ্গুনিয়া মডেল থানার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাছের উদ্দিন (৪৪) এবং পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হোসেন (৪৩)।
পুলিশ জানায়, রাঙ্গুনিয়া মডেল থানার মামলা নং-১২ (তারিখ: ২২ জানুয়ারি ২০২৫)-এর তদন্তে তাদের আসামি হিসেবে শনাক্ত করা হলে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ মোছা. মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া বন আইনের দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নুরুল ইসলাম ও আবু বক্কর নামে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।