মিরসরাইয়ে ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৬ শত ৬ পিস ইয়াবাসহ নুর আলম (৪৩) নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৭ জুলাই) ভোরে বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুর আলম কক্সবাজার জেলার উখিয়া থানার রোহিঙ্গা শরনার্থী ৬ নং ক্যাম্পের গুরা মিয়ার ছেলে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে নুর আলম নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা কালো পলিথিনে মোড়ানো ব্যাগ থেকে ৬০৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নুর আলম স্বীকার করে কক্সবাজার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন মাদক কারবারিকদের কাছে পৌঁছে দিতো। সে ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলো।’