চট্টগ্রামের বোয়ালখালীতে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শাকপুরার ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। তিনি লালার হাট এলাকায় মুদির দোকানদার।
স্থানীয়রা জানান, বিকেলে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মো. নেজামের সাথে তর্কবিতর্ক লাগে তার ছোট ভাই মো.সুমনের। এর একপর্যায়ে মাথায় আঘাত করলে নেজাম মাটিতে লুটিয়ে। এরপর সুমন পালিয়ে যায়। এ ঘটনায় ঘাতক সুমনের স্ত্রী সানজিদা বেগম (২২ ) এবং নেজামের মা হালিমা বেগম (৭০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.শিমুল দত্ত বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে নেজাম নামের এক ব্যক্তিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে হাসপাতালে মৃত আনা হয়েছিলো। তার মাথার পেছনে গভীর ক্ষত রয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। হাসপাতাল থেকে নেজামের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।