দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে প্রবাসীরা যে সবসময়ই দেশের মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়ান, তার অনন্য এক দৃষ্টান্ত আবারও দেখা গেল চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায়। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করতে দূর পরবাসে থেকেও মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রবাসীরা।
দোহাজারী পৌরসভা প্রবাসী সমবায় সমিতির প্রচারণায় সমিতির সম্মানিত সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিস সাহেবের বিশেষ উদ্যোগে এবং দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইউএই প্রবাসী পরিবারের সার্বিক সহযোগিতায় ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই মানবিক উদ্যোগের আওতায় বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ওয়ার্ডের ২৫০টি পরিবারের মাঝে রোববার (১২ জুলাই) নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দোহাজারী পৌরসভার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় চরম সংকটে পড়েন স্থানীয় খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। ঘরবাড়িতে পানি উঠে যাওয়ায় অনেকের ঘরেই জঠর জ্বালা মেটানোর মতো কোনো রসদ নেই। এমন কঠিন পরিস্থিতিতে প্রবাসীদের পাঠানো এই সহায়তা যেন তাদের মুখে এক চিলতে হাসি ফুটিয়েছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ আলমগীর, সমিতির উপদেষ্টা মোহাম্মদ আলী ও প্রবাসী জামাল মিয়া, রায়জোয়ারা মহল্লা কমিটির সাবেক সর্দার মো. মুছা, ওসমান আলী, সমাজসেবক বাবুল, মাওলানা রফিক উদ্দিন, দেলোয়ার হোসেন, রায়জোয়ারা জাগ্রত তরুণ একতা সংঘ সাধারণ সম্পাদক আজিজুল হোসেন, সদস্য মো. ইমন, সায়মন, জায়েদ সহ আরো অনেকে।
ত্রাণ পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, যখন চারিদিকে শুধু পানি আর হাহাকার, তখন প্রবাসীদের এই সময়োপযোগী সাহায্য তাদের বেঁচে থাকার নতুন শক্তি জুগিয়েছে। স্থানীয় সুধী সমাজ ও এলাকাবাসী দোহাজারী পৌরসভা প্রবাসী সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিস সাহেব এবং ৭ নম্বর ওয়ার্ডের সকল ইউএই প্রবাসী ভাইদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তারা প্রবাসীদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বন্যার পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সমাজের সর্বস্তরের বিত্তবান ও অন্যান্য প্রবাসী ভাইদেরও এভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।