বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক মাহবুবের রহমান বলেছেন, সরকার দেশের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ, খাদ্য সহায়তা ও নগদ অর্থ সহয়তা দিয়ে পুর্নবাসন করার উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে সরকারের মন্ত্রী ও দলের নেতৃবৃন্দ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে লোহাগাড়া উপজেলা আধুনগর খাঁন হাটে স্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও ঢেউটিন বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি সরকার জনগণের সরকার। সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। তিনি দলীয় নেতাকর্মীদেরকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। চট্টগ্রাম জেলাপরিষদের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আসহাব উদ্দীন চৌধুরী, সদস্য নাজমুল মোস্তফা আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজীদ-বিন-আখন্দ, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল্লাহ, উপজেলা প্রকল্প কর্মকর্তা জাকির হোসেন নাহিদ, উপজেলা বিএনপি নেতা আবু সেলিম চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদল নেতা দিদারুল আলম, মাওলানা মজিবুর রহমান, নুর মোহাম্মদ শহিদুলাহ, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও ইসফাক উদ্দিন চৌধুরী ইভু প্রমুখ।