জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, বিগত আওয়ামীলীগ সরকারের লোকজন এই বেড়িবাঁধের কোটি কোটি টাকা লুটপাট করেছে। আনোয়ারার প্রধান সমস্যা হচ্ছে এই বেড়িবাঁধ, চলতি অর্থ বছরেও বেড়িবাঁধের জন্য বরাদ্দ রাখা হয়েছে, আমরা আপনাদের কথা দিচ্ছি এই বরাদ্দের এক টাকাও কাউকে দূর্নীতি করতে দেওয়া হবেনা। সংসদে আমরা বিষয়টি জোরালোভাবে তুলে ধরব, যাতে বরাদ্দের অর্থ সঠিকভাবে ব্যয় করে দ্রুত বাঁধের কাজ শেষ করা হয়।’
রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষী বাজার এলাকায় বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে উপকূলীয় বেড়িবাঁধের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরো বলেন, পুরো বাংলাদেশের মানুষ চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যরা আগে থেকেই এখানে কাজ করছেন। এসে দেখলাম পাঁচ থেকে সাত দিন ধরে কয়েকশ পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। অথচ স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কাউকে এখানে দেখা যায়নি। মানুষ প্রয়োজনীয় ত্রাণও পায়নি। আমরা আনোয়ারার পর বাঁশখালীসহ অন্যান্য বন্যাদুর্গত এলাকাতেও দলের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে।
দেশের বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যে কারণেই হোক, সরকার পারছে না। এখন দোষ দিয়ে লাভ নাই। মূল জিনিস হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে। দুর্যোগ মোকাবিলায় দল-মত নির্বিশেষে সামর্থ্যবান ব্যক্তি, ছাত্রসমাজ ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসেন।
এসময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, মোহাম্মদ শাহেদ, নঈম উদ্দিনসহ স্থানীয় নেতারা।