দোহাজারীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন যুবদল নেতা

চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমদের নির্দেশনায় দোহাজারী পৌরসভার দিয়াকুল এলাকায় বন্যাকবলিত মানুষের দুঃখ-দুর্দশা সরেজমিনে পরিদর্শন করেছেন দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন।

​শুক্রবার (১০ জুলাই) সকালে দিয়াকুল এলাকার সৎসঙ্গ পাড়া, গাটিয়াপাড়া, দক্ষিনপাড়া সহ বন্যাকবলিত ও শঙ্খ নদীর তীরবর্তী ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

​পরিদর্শনকালে স্থানীয় ভুক্তভোগী মানুষ তাদের দীর্ঘদিনের দুর্ভোগ ও আতঙ্কের কথা তুলে ধরেন। নদী ভাঙনের শিকার সাধারণ মানুষ ক্ষোভ ও আকুতি প্রকাশ করে বলেন, “আমরা ত্রাণ চাই না। শঙ্খ নদীর ভাঙন প্রতিরোধে কংক্রিটের ব্লক দিয়ে তীর সংরক্ষণ করে দিলে আমরা ভিটামাটি হারানোর আশঙ্কা থেকে মুক্তি পাবো।” প্রতি বছর বন্যায় ও নদী ভাঙনে যেভাবে সাধারণ মানুষ গৃহহীন হয়ে পড়ছে, তার স্থায়ী সমাধানই এখন তাদের প্রধান দাবি।

​স্থানীয়দের এই মানবিক ও যৌক্তিক দাবির প্রেক্ষিতে যুবদল আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা ও স্থায়ী সমাধানই আমাদের প্রধান লক্ষ্য। আমি আপনাদের এই দুর্ভোগ ও দাবির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমদ মহোদয়কে অবহিত করব।”

​তিনি আরও আশ্বাস দেন যে, শঙ্খ নদীর ভাঙন রোধে কংক্রিটের ব্লক দিয়ে দ্রুততম সময়ে যাতে তীর সংরক্ষণ কাজ শুরু করা যায়, সেজন্য প্রয়োজনীয় সকল প্রশাসনিক ও রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য এমপি মহোদয়কে অবহিত করবো।

​পরিদর্শনকালে দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমির হোসেন, পৌরসভা যুবদল সদস্য সচিব মোহাম্মদ মাহাফুজ, যুবদল নেতা মোহাম্মদ শাহজাহান ফরিদুল আলম, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদীন সোহেল, তৌহিদ, নাইম, ইমন সহ স্থানীয় বিএনপি যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন