লোহাগাড়ায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পানিবন্ধি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আধুনগর ইউনিয়নের ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এসময় শাহজাহান চৌধুরী বলেন, টানা বৃষ্টি ও ডলু নদীর বাঁধ ভেঙে লোহাগাড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাগবে সবাইকে এগিয়ে আসতে হবে। লোহাগাড়া-সাতকানিয়াকে দুর্গত এলাকা ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
শাহজাহান চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যন্ত প্লাবিত দুর্গত এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন। অথচ উপজেলা পর্যায়ে কিছু সরকারি কর্মকর্তা অফিসে বসে আছেন। এসব কর্মকর্তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
শেষে তিনি ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন, বন্যাকবলিত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং দুর্গত মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে উদ্যোগ গ্রহণের কথা জানান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামী আমির আনোয়ারুল আলম চৌধুরী, উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান, আধুনগর ইউনিয়ন জামায়াত আমির আবদুল কাদের, আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন, বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী ও সাবেক ই্উপি সদস্য হায়াৎ মাহমুদ খান প্রমুখ।