গত পাঁচদিন ধরে অবিরাম ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে শঙ্খ নদীর পানি বৃদ্ধি পেয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় পৌরসভার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে পানিবন্দী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব দোহাজারী কিল্লাপাড়া, বেগমবাজার ও বাবুখান বাড়ি এলাকার বন্যা পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে যান দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। এ সময় তিনি কোমর সমান পানিতে নেমে বন্যাকবলিত ও পানিবন্দী পরিবারগুলোর দ্বারে দ্বারে গিয়ে জরুরি খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে পৌর প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন- পৌরসভার লাইসেন্স পরিদর্শক মনিরুজ্জামান, বাজার পরিদর্শক শাখাওয়াত হোসাইন মিন্টু, বিএনপি নেতা আমির হোসেন ও মোহাম্মদ শাহজাহান, শিক্ষানবিশ আইনজীবী তৌহিদুল ইসলাম, পৌরসভার টিকাদান সুপারভাইজার মাহবুবুর রহমান, রাশেদুল ইসলাম, কামাল হোসেন, রিদোয়ান রানাসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সার্বিক পরিস্থিতি নিয়ে পৌর প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা বলেন, “ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে পৌরসভার যেসব এলাকার ঘরবাড়িতে পানি উঠে গেছে এবং রান্নার কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে, সেসব এলাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা ত্রাণ বিতরণ করছি। পৌরসভার কোনো নাগরিক যেন এই দুর্যোগে না খেয়ে কষ্ট না পান, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া বন্যাকবলিতদের আশ্রয়ের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।”