দোহাজারীতে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ

গত চারদিন ধরে অবিরাম ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারনে শঙ্খ নদীর পানি বৃদ্ধি পেয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পানিবন্দী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

দোহাজারী পৌরসভার প্রশাসক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার সরাসরি তত্ত্বাবধানে পৌরসভার উদ্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ত্রাণ হিসেবে শুকনো খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে দিয়াকুল ও চাগাচর এলাকায় সরেজমিন পরিদর্শন করে বন্যায় প্লাবিত ও পানিবন্দী হয়ে রান্নার অনুপযোগী অবস্থায় থাকা পরিবারসমূহকে শুকনো খাবারের প্যাকেট তুলে দেন পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো. নাঈম উদ্দিন। এসময় তিনি বলেন, “বন্যা পরিস্থিতির কারণে যে সমস্ত এলাকায় ঘরবাড়িতে পানি উঠে গেছে এবং রান্নার কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে, পৌর প্রশাসক মহোদয়ের নির্দেশনায় সেসব এলাকাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দী মানুষের হাতে এই শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন।”

এবিষয়ে পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা বলেন, “পৌরসভার কোনো নাগরিক যেন এই দুর্যোগে না খেয়ে না থাকেন, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে, আমাদের এই জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।”

আরও পড়ুন