বিএসবিআরএ নির্বাচন স্থগিত পক্ষপাতমূলক আচরণের বহিঃপ্রকাশ: আমজাদ চৌধুরী

বাংলাদেশ শীপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং এসোসিয়েশন(বিএসবিআরএ) এর ৩জুন (বুধবার) অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন একদিন আগে স্থগিত হওয়াকে পক্ষপাতমূলক আচরণের বহিঃপ্রকাশ বলে দাবি করেছেন সভাপতি পদপ্রার্থী আমজাদ হোসেন চৌধুরী।

আমজাদ হোসেন চৌধুরী বলেন, একটি মহল প্রথমে আমার প্রার্থীতা বাতিল করিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করেছে। বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে। কিন্তু মহামান্য হাইকোর্ট আমার প্রার্থীতা বহাল রাখায় তাদের গাত্রদাহ শুরু হয়েছে। নিজেদের পরাজয় আঁচ করতে পেরে নির্বাচনী কমিশনের যোগসাজশে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই নির্বাচন স্থগিত করে দিয়েছে।

তিনি বলেন, শুরু থেকেই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করে আসছে। সুনির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়নে তারা নীল নকশার নির্বাচন আয়োজন করতে তৎপর হয়েছে। আমি এইসব ন্যাক্কারজনক ও ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা-ক্ষোভ জানাচ্ছি। আশা করছি সরকারের সংশ্লিষ্ট মহল বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে জানা গেছে ২জুন (মঙ্গলবার) নির্বাচনের আগের দিন সন্ধ্যায় বিএসবিআরএ/প্রশাসন (নির্বাচন)/ ২০২৬-৮৫ সূত্র মোতাবেক এক পত্রের মাধ্যমে নির্বাচন স্থগিতের বিষয়টি জানায় কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (চেয়ারম্যান) মোঃ আফতাব উদ্দিন চৌধুরী এবং সদস্য আশরাফ মাহমুদ ও মোঃ রাসেল প্রধানিয়া স্বাক্ষরিত নোটিশে বলা হয়, “আগামী ৩ জুন ২০২৬ তারিখ অনুষ্ঠিতব্য বিএসবিআরএ নির্বাচন-২০২৬ এর বিষয়ে মহামান্য হাইকোর্ট এর রিট পিটিশন নং-6204/2026 এর গত ১ জুন ২০২৬ তারিখে প্রদত্ত আদেশের প্রেক্ষিতে, পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট পরবর্তী কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো। এ বিষয়ে পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।“

আমজাদ চৌধুরী বলেন, আমার প্রার্থীতা বৈধ হওয়ায় তারা নির্বাচন স্থগিত করেছে। অথচ হাইকোর্টের আদেশে নির্বাচন সম্পন্ন করার কথা বলা হয়েছে। এখানে নির্বাচন স্থগিত করার মতো কোনো বিষয় ছিলো না।

আরও পড়ুন